সাতক্ষীরার ঝাউডাঙ্গা বাজারে দুই লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে এক ব্যবসায়ীকে মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের, দুই ভাই ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আলমগীর হোসেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে পরিবারের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
আলমগীর হোসেন সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঝাউডাঙ্গা বাজারে পুরাতন বই, খাতা ও কার্টুনের ব্যবসা করছেন।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ১৩ নভেম্বর রাত ৮টার দিকে গোবিন্দকাটি গ্রামের মো. আক্তারুজ্জামান বাপ্পী ও তাঁর ভাই বাবলু দোকানে এসে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
পরবর্তীতে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাথরঘাটা ব্রিজের মাথা থেকে চার রাস্তার মোড়ে ডেকে নিয়ে আবারও চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে কোমর উদ্দীনের স-মিলে নিয়ে লোহার রড, শাবল, হাতুড়ি ও কাঠের চেলা দিয়ে মারধর করা হয়। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। হামলাকারীরা তাঁকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায় বলে দাবি করেন তিনি।
আলমগীরের অভিযোগ, এ সময় তাঁর পকেট থেকে ৪২ হাজার ২০০ টাকা ও প্রায় দুই হাজার টাকা মূল্যের একটি নকিয়া বাটন মোবাইল ফোন নিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিলে ভাইয়েরা তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্ত বাপ্পী, বাবলু ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও লুটতরাজের অভিযোগ রয়েছে। বর্তমানে মামলা তুলে নিতে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি তাঁকে ও তাঁর দুই ভাইকে প্রাণনাশ এবং তাঁদের স্ত্রীদের তুলে নেওয়ার হুমকি দেওয়ায় পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে প্রশাসনের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আলমগীর হোসেন ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের, দুই ভাই ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।