পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের পুকুরপাড়ে জলপাই কুড়াতে গিয়ে পানিতে ডুবে মামাতো ও ফুফাতো দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো রহমত আলীর মেয়ে রাইসা (৪) এবং তাঁর ভগ্নিপতি মোহাম্মদ আলীর মেয়ে ফারিহা (৩)।
পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমানের মেয়ে লিপি আক্তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। এরপর থেকে তিনি সেখানেই ছিলেন।
শুক্রবার বিকেলে ফারিহা ও রাইসা বাড়ির বাইরে খেলছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরপাড়ে জলপাই কুড়াতে যায়। পুকুরপাড় পিচ্ছিল থাকায় তারা পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
দীর্ঘ সময় শিশু দুটি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাইসার মা ফাতেমা আক্তার পুকুরের পানিতে রাইসাকে ভাসতে দেখেন। তাঁর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে প্রথমে রাইসাকে উদ্ধার করেন। পরে পুকুর থেকে ফারিহাকেও উদ্ধার করা হয়।
পরে তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, শিশু দুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।