নিবন্ধন অধিদপ্তর ও এর অধীন জেলা-উপজেলা কার্যালয়ে দৈনিক মজুরিভিত্তিক কর্মরত অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তাকর্মীদের মজুরি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এসব কর্মচারীর দৈনিক মজুরি সর্বোচ্চ ৮০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
এ বিষয়ে অর্থ বিভাগের সম্মতি চেয়ে গত ১০ নভেম্বর চিঠি পাঠিয়েছে আইন ও বিচার বিভাগ। বিচার শাখা-৬ থেকে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাসুদ আলী।
চিঠি অনুযায়ী, নিবন্ধন অধিদপ্তর ও এর অধীন বিভিন্ন কার্যালয়ে বর্তমানে দৈনিক মজুরিভিত্তিক ৫৭৬ জন অফিস সহায়ক, ৩১৫ জন পরিচ্ছন্নতাকর্মী এবং ২৬৯ জন নিরাপত্তাকর্মী কর্মরত রয়েছেন। তাঁদের মধ্যে অফিস সহায়করা দৈনিক ৬০ টাকা, পরিচ্ছন্নতাকর্মীরা ৮০ টাকা এবং নিরাপত্তাকর্মীরা ১২০ টাকা মজুরি পান।
দীর্ঘদিন ধরে স্বল্প মজুরিতে কাজ করায় এসব কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন উল্লেখ করে তাঁদের আর্থিক ও মানবিক দিক বিবেচনায় মজুরি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কর্মরত কর্মচারীদের দৈনিক মজুরি ৮০০ টাকা, বিভাগীয় শহর ও অন্যান্য সিটি করপোরেশন এলাকায় ৭৫০ টাকা এবং জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ে ৭০০ টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।
অর্থ বিভাগের ২০২৫ সালের ২২ মে জারি করা পরিপত্রের আলোকে এ মজুরি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে অর্থ বিভাগের সম্মতি চেয়েছে আইন ও বিচার বিভাগ।
তবে প্রস্তাবিত মজুরির হার এখনো চূড়ান্ত হয়নি। অর্থ বিভাগের সম্মতি ও পরবর্তী সিদ্ধান্তের পর এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।