শিরোনাম
রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য আটক
রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য আটক

রংপুরে সরকারি ও বেসরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, প্রক্সি পরীক্ষার্থী সরবরাহ এবং ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে উত্তর সরবরাহের অভিযোগে একটি চক্রের ৬ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার রাতে নগরীর ধাপ এলাকায় আরজি ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (২০ জুন) দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আটকরা হলেন— নগরীর কামাল কাছনা চিড়ারমিল এলাকার তাওরাত আকরাম (২৭), সাতগাড়া এলাকার বাধন মিয়া (৩৭), ধাপ মোহাম্মদপুর এলাকার সাহেব আলী (২৬), বদরগঞ্জ উপজেলার আতিকুর রহমান (৩৪) এবং দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আশরাফুল ইসলাম (৩৬) ও হাফিজ আল মামুন (২০)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ১৫টি স্বাক্ষর করা খালি নন-জুডিশিয়াল স্ট্যাম্প, বিভিন্ন ব্যাংকের ৮টি ব্ল্যাংক চেক, ৪টি মূল সনদপত্র, ৫টি মোবাইল ফোন এবং ৩টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সনাতন চক্রবর্তী বলেন, চক্রটি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রকৃত পরীক্ষার্থীর পরিবর্তে প্রক্সি পরীক্ষার্থী সরবরাহ করত। এছাড়া ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরীক্ষার হলে উত্তর পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করত। এসবের বিনিময়ে পরীক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ, চেক ও স্ট্যাম্প গ্রহণ করা হতো।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক, যিনি একই ধরনের অভিযোগে আগে গ্রেপ্তার হয়ে ৫২ দিন কারাভোগ করেছেন এবং বর্তমানে বরখাস্ত রয়েছেন। অপর একজন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। অন্যরা চক্রটির সহযোগী হিসেবে কাজ করতেন।

ডিবি পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বৈদেশিক বিনিয়োগে নতুন সম্ভাবনা তৈরি করবে: পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বৈদেশিক বিনিয়োগে নতুন সম্ভাবনা তৈরি করবে: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড (এআরটি) চুক্তি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে গাজীপুর-৫ আসনের সদস্য এ কে এম ফজলুল হক মিলনের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি স্বাক্ষরিত এআরটি চুক্তির আওতায় মার্কিন তুলা ব্যবহার করে উৎপাদিত তৈরি পোশাক খাতে শূন্য শুল্ক সুবিধা পাওয়া যাবে। এতে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়বে এবং বিদেশি বিনিয়োগ আরও আকৃষ্ট হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, বাণিজ্য সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ), ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (এফটিএ) এবং কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) করার উদ্যোগ চলমান রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি জিসিসি ও মারকোসুরসহ আঞ্চলিক অর্থনৈতিক জোটের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের প্রচেষ্টা চলছে।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো রপ্তানি বহুমুখীকরণ, নতুন বাজার সৃষ্টি এবং বৈদেশিক বিনিয়োগ বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।