শিরোনাম
যুদ্ধ থামিয়ে গাজা পুনর্গঠনে ইসরায়েলকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
যুদ্ধ থামিয়ে গাজা পুনর্গঠনে ইসরায়েলকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করে পুনর্গঠন কার্যক্রম এগিয়ে নিতে ইসরায়েলের ওপর নতুন করে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস অস্ত্র সমর্পণ না করলেও পুনর্গঠন কাজ শুরু করার লক্ষ্যে ওয়াশিংটন একটি নতুন প্রস্তাব দিয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত মিডল ইস্ট আই–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে মার্কিন প্রশাসন ইসরায়েলকে এই উদ্যোগে সম্মত হওয়ার জন্য চাপ দিচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইঙ্গিত দিচ্ছে যে গাজায় নতুন করে সামরিক অভিযান শুরুর পরিবর্তে পুনর্গঠন ও স্থিতিশীলতার দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে শান্তি-সংক্রান্ত প্রস্তাবে ইসরায়েল সরকারের লিখিত অনুমোদনও চাচ্ছে ওয়াশিংটন।

প্রস্তাবে গাজার গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনর্গঠনের কাজ দ্রুত শুরু করার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের এই নতুন খসড়া প্রস্তাব নিয়ে এখন পর্যন্ত মার্কিন প্রশাসন কিংবা ইসরায়েল সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

সূত্র: মিডল ইস্ট আই

পাসপোর্টে আবারও ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত
পাসপোর্টে আবারও ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত

বাংলাদেশের ই-পাসপোর্টে আবারও ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ। একইসঙ্গে পাসপোর্টের ভেতরের জলছাপ ও নকশায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন সংস্করণে আওয়ামী লীগ আমলে সংযুক্ত একাধিক স্থাপনার ছবি বাদ দিয়ে যুক্ত করা হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও দেশের ঐতিহ্যবাহী নিদর্শন। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন-পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে, ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের ঐতিহাসিক অবস্থান ও জনমতের প্রতিফলন হিসেবেই ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধাপে ধাপে নতুন ই-পাসপোর্টে এ নির্দেশনা কার্যকর করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান পাসপোর্টের মেয়াদ শেষ হলে নবায়নের সময় নাগরিকরা স্বয়ংক্রিয়ভাবে নতুন সংস্করণের পাসপোর্ট পাবেন। এতে পুরোনো পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো জটিলতা তৈরি হবে না।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নতুন পাসপোর্ট থেকে বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ, পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ আওয়ামী লীগ আমলে যুক্ত বিভিন্ন প্রতীকী স্থাপনার জলছাপ।

অন্যদিকে নতুন সংস্করণে যুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের প্রতীকী ছবি, বঙ্গভবন, জামদানি, ইলিশ, টাঙ্গুয়ার হাওর, আহসান মঞ্জিল, শালবন বিহার, নীলগিরি ও পানাম নগরীর মতো ঐতিহ্যবাহী নিদর্শন।

স্বরাষ্ট্রসচিব মনজুর মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, জলছাপ পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। সরকারপ্রধানের অনুমোদনের পরই নতুন নকশার ই-পাসপোর্ট মুদ্রণ শুরু হবে।

 

ইরান যুদ্ধের ধাক্কায় হুমকিতে ইসরায়েলের অর্থনীতি
ইরান যুদ্ধের ধাক্কায় হুমকিতে ইসরায়েলের অর্থনীতি

ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রভাবে বড় ধাক্কা খেয়েছে ইসরায়েলের অর্থনীতি, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে দেশটির জিডিপি ৩ দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে।

ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী স্থানীয় গণমাধ্যম জানায়, টানা দুই প্রান্তিকের প্রবৃদ্ধি থেমে গিয়ে অর্থনীতিতে মন্দা পরিস্থিতি তৈরি হয়েছে।

অর্থনৈতিক সূচকে দেখা গেছে, মাথাপিছু জিডিপি ৪ দশমিক ৫ শতাংশ কমেছে, যা নাগরিকদের জীবনমানের অবনতি নির্দেশ করছে। একই সময়ে ব্যক্তিগত ভোগব্যয় ৪ দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে।

অন্যদিকে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সামরিক ব্যয় ৯ শতাংশ বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে।