শিরোনাম
গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর হামলা, আটক ১
গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর হামলা, আটক ১

গাজীপুরের চৌরাস্তা এলাকায় পুলিশ বক্সে ঢুকে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত সাংবাদিককে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আহত সাংবাদিক হোসাইন আলী বাবু স্টার নিউজের প্রতিনিধি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভোগান্তি ও যাত্রা পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করছিলেন তিনি। সংবাদ সংগ্রহ শেষে গাজীপুর চৌরাস্তা পুলিশ বক্সে বসে কাজ করার সময় এক যুবক অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।

চিৎকার শুনে দায়িত্বরত এক পুলিশ সদস্য ঘটনাস্থলে ছুটে গিয়ে সাংবাদিককে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহায়তায় হামলাকারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তির নাম মোহাম্মদ জুয়েল। প্রাথমিকভাবে তিনি ছিনতাই চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, হামলার কারণ ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।