শিরোনাম
কৃষকদের দক্ষতা ও আয় বাড়াতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস
কৃষকদের দক্ষতা ও আয় বাড়াতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় কৃষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো. মশিউর রহমান খান। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন, পার্টনার প্রকল্পের খুলনা অঞ্চলের মনিটরিং কর্মকর্তা মো. মোদাস্সেক হোসেন, ফকিরহাটের সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার আমির মাওলানা এবিএম তৈয়বুর রহমান এবং সেক্রেটারি আবুল আলা মাসুম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তোহিদুল ইসলাম। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনায় কৃষি কর্মকর্তারা বলেন, জলবায়ু সহনশীল কৃষি চর্চা, কৃষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস একটি কার্যকর উদ্যোগ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মশিউর রহমান খান বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আধুনিক ও মানসম্মত কৃষি ব্যবস্থার মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: এমপি আব্দুল আলীম
নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: এমপি আব্দুল আলীম

বাগেরহাটের মোরেলগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ফসল উৎপাদনের মাধ্যমে তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই কৃষির অন্যতম লক্ষ্য হওয়া উচিত।

শুক্রবার দুপুরে মোরেলগঞ্জের মিম কমিউনিটি সেন্টারে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আব্দুল আলীম বলেন, দেশে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে মানুষের শরীরে বিভিন্ন জটিল ও দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়ছে। এ বিষয়ে কৃষকসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) অপূর্ব লাল সরকার।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল ইসলাম।

এছাড়া বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শাহাদাৎ হোসাইন, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ এবং বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুলসহ স্থানীয় বিভিন্ন প্রতিনিধি।

প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার ৭০ জন কৃষক এবং বিভিন্ন পর্যায়ের ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে জাতীয় ফল মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।

সৈয়দপুরে গাছে গাছে কাঁঠাল, বাম্পার ফলনের আশা
সৈয়দপুরে গাছে গাছে কাঁঠাল, বাম্পার ফলনের আশা

নীলফামারীর সৈয়দপুরে গাছে গাছে ঝুলছে জাতীয় ফল কাঁঠাল। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাড়ির আঙিনা, রাস্তার ধারে, শিক্ষা প্রতিষ্ঠানের চত্বর ও গ্রামীণ জনপদজুড়ে কাঁঠাল গাছে প্রচুর ফল ধরেছে। ফলে এ বছর বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও বাগান মালিকরা।

ইতোমধ্যে আগাম জাতের কিছু কাঁঠাল পাকতে শুরু করেছে। বাজারেও উঠতে শুরু করেছে মৌসুমের প্রথম দিকের কাঁঠাল। পাকা কাঁঠালের সুবাসে মুখর হয়ে উঠেছে গ্রামীণ পরিবেশ।

উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, বোতলাগাড়ী ও বাঙালিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনেক গাছে ১০০ থেকে ২০০টি পর্যন্ত কাঁঠাল ধরেছে বলে স্থানীয়রা জানান।

কৃষকদের মতে, কাঁঠাল চাষে তেমন পরিচর্যার প্রয়োজন হয় না। প্রাকৃতিকভাবেই গাছ বেড়ে ওঠে এবং প্রতি বছর ফলন দেয়। ফলে অনেক পরিবার মৌসুমে কাঁঠাল বিক্রি করে বাড়তি আয় করে থাকে। পাশাপাশি শ্রমিক ও পাইকারদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

তবে উৎপাদন বেশি হলে দাম কমে যাওয়ার আশঙ্কার কথাও জানিয়েছেন চাষিরা। এছাড়া এলাকায় কাঁঠাল প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা না থাকায় অনেক সময় কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন।

সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ বলেন, উপজেলার মাটি কাঁঠাল চাষের জন্য উপযোগী। এ বছরও গাছে গাছে প্রচুর কাঁঠাল দেখা যাচ্ছে। কাঁঠাল শুধু ফল হিসেবেই নয়, এর বিচি ও পশুখাদ্য হিসেবেও ব্যাপক চাহিদা রয়েছে।

কৃষি সংশ্লিষ্টদের মতে, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সুযোগ বাড়ানো গেলে কাঁঠাল স্থানীয় অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

নীলফামারীর ডিমলায় বোরো কৃষকের লোকসানের শঙ্কা
নীলফামারীর ডিমলায় বোরো কৃষকের লোকসানের শঙ্কা

নীলফামারীর ডিমলা উপজেলায় বোরো ধানের উৎপাদন খরচ বাড়লেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় কৃষকেরা লোকসানের মুখে পড়েছেন। এতে অনেকেই উৎপাদন ব্যয় তুলতেই হিমশিম খাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

কৃষকদের হিসাব অনুযায়ী, প্রতি বিঘা জমিতে ধান আবাদে গড়ে প্রায় ২০ হাজার টাকা খরচ হচ্ছে। লিজ জমিতে এই ব্যয় আরও বেশি। তবে প্রতি বিঘায় ১৮–২০ মণ ধান উৎপাদন হলেও বর্তমান বাজারদরে (মণ ৯০০–৯৬০ টাকা) লাভ করা সম্ভব হচ্ছে না।

উপজেলার নাউতারা ইউনিয়নের কৃষক হযরত আলী বলেন, “ধান বিক্রি করে খরচই ওঠে না, লাভ তো দূরের কথা।” আরেক কৃষক মজিবর রহমান বলেন, “মণপ্রতি ১৫০০ টাকা হলে কিছুটা লাভ হতো।”

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ডিমলায় ১১ হাজার ২৮০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ফলন ভালো হলেও দাম কম থাকায় কৃষকের উদ্বেগ বেড়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না বলেন, উৎপাদন খরচ কমাতে যন্ত্র ব্যবহার বাড়ানো হচ্ছে এবং সরকারি গুদামে ধান সংগ্রহ কার্যক্রম চলবে।

মোরেলগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
মোরেলগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা

বাগেরহাটের মোরেলগঞ্জে মিঠু শেখ (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার মধুরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামের ওহেদ শেখের ছেলে মিঠু শেখ বিকেলে বাড়ির পাশের কলাক্ষেতে কাজ করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এ হত্যাকাণ্ড ঘটেছে। মিঠু শেখের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।

ঘটনার খবর পেয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।