শিরোনাম
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে র‍্যাবের কড়া সতর্কবার্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে র‍্যাবের কড়া সতর্কবার্তা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জুন ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (২১ জুন) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-২-এর অধিনায়ক নায়মুল হাসান বলেন, ২৩ জুনকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। যেকোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে।

তিনি জানান, এ বিষয়ে দেশের সব র‍্যাব ইউনিট ও স্টেশনে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। কেউ অস্ত্র বা অন্য কোনো উপায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য হুমকি সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সম্ভাব্য তৎপরতার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারা দেশে নজরদারি বাড়ানো হয়েছে এবং গোপন মিছিল বা নাশকতার যেকোনো চেষ্টা প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।